জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ।
ঢাকায় জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে তাদের কবর থেকে মৃতদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
আদালতে এই বিষয়ে আবেদন করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম। আবেদনে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় বিভিন্ন এলাকায় প্রাণ হারানো শহীদদের মধ্যে ১১৪ জন অজ্ঞাত পরিচয়ের নারী ও পুরুষকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে কবর থেকে মৃতদেহ উত্তোলনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
আবেদনে আরও বলা হয়, পোস্টমর্টেম প্রতিবেদন তৈরি এবং ডিএনএ সংগ্রহের মাধ্যমে শনাক্তকরণের পর আইনগত কার্যক্রম সম্পন্ন করে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুতি নিতে হবে।
আদালত নথি পর্যালোচনার পর আবেদনের অনুমোদন দেন এবং ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করেন।

মতামত দিন