হার্টের রিংয়ের দাম কমেছে ৩৬ শতাংশ পর্যন্ত।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার (৪ আগস্ট) জানানো হয়, তিনটি কোম্পানির ১০ ধরনের স্টেন্টের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এসব স্টেন্টের খুচরা মূল্য এখন ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুধুমাত্র একটি স্টেন্টের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
নতুন দামে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বোস্টন সায়েন্টিফিকের ‘সিনার্জি এক্সডি’ স্টেন্টে। আগে যার দাম ছিল ১ লাখ ৮৮ হাজার টাকা, সেটি এখন বিক্রি হবে ১ লাখ টাকায়। একই কোম্পানির ‘প্রোমাস এলিট’ এবং ‘প্রোমাস প্রিমিয়ার’ স্টেন্টের দামও কিছুটা কমানো হয়েছে।
মেডট্রনিকের ‘রিজলিউট অনিক্স’ স্টেন্টের আগের দাম ছিল ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা, এখন সেটি ৯০ হাজার টাকায় বিক্রি হবে। একই কোম্পানির ‘অনিক্স ট্রুকর’ স্টেন্টের দাম কমিয়ে আনা হয়েছে ৫০ হাজার টাকায়।
অ্যাবটের জনপ্রিয় ‘জায়েন্স আলপাইন’ ও ‘জায়েন্স সিয়েরা’ স্টেন্ট, যেগুলোর মূল্য ছিল ১ লাখ ৪০ হাজার টাকার ওপরে, বর্তমানে পাওয়া যাবে ৯০ হাজার টাকায়। তবে ‘জায়েন্স এক্সপেডিশন’ স্টেন্টের দামে পরিবর্তন আনা হয়নি, সেটি আগের মতোই ৭১ হাজার ৫০০ টাকা থাকবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই মূল্যছাড় হৃদরোগীদের চিকিৎসার ব্যয় কিছুটা হলেও সহনীয় করে তুলবে এবং স্টেন্ট ব্যবহারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।
মতামত দিন