ঢাকায় ছাত্র-জনতাকে আনতে ৮জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা নিয়েছে সরকার।
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে সারাদেশ থেকে ঢাকায় ছাত্র-জনতাকে আনতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এ উপলক্ষে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য ওই সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে রোববার (৩ আগস্ট) জুলাই অভ্যুত্থান অধিদফতর থেকে মন্ত্রণালয়কে একটি অনুরোধপত্র পাঠানো হয়। এরপর মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন জেলা থেকে অংশ নেবেন হাজারো সাধারণ মানুষ।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষ ট্রেনগুলো নির্ধারিত ভাড়ায় পরিচালিত হবে এবং নিয়মিত ট্রেন চলাচলে এর কোনো প্রভাব পড়বে না।
বিশেষ ট্রেনগুলোর বিবরণ নিচে দেওয়া হলো—
| উৎস জেলা | কোচ সংখ্যা | আসন সংখ্যা | ব্যয় |
|---|---|---|---|
| চট্টগ্রাম | ১৬ | ৮৯২ | ৭ লাখ টাকা+ |
| জয়দেবপুর | ৮ | ৭৩৬ | ৭২,৫০০ টাকা |
| নারায়ণগঞ্জ | ১০ | ৫১০ | ৫৬,৫০০ টাকা |
| নরসিংদী | ১২ | ৬৫২ | ৯৫,০০০ টাকা |
| সিলেট | ১১ | ৫৪৮ | ৩.২৩ লাখ টাকা |
| রাজশাহী | ৭ | ৫৪৮ | ৪.৮৫ লাখ টাকা |
| রংপুর | ১৪ | ৬৩৮ | ১০.৫ লাখ টাকা |
| ভাঙা (ফরিদপুর) | ৭ | ৬৭৬ | ২.৬১ লাখ টাকা |
রেলওয়ে কর্মকর্তারা জানান, যেকোনো বিশেষ ট্রেন পরিচালনার ক্ষেত্রে সাধারণত নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় ৩০ শতাংশ বাড়তি ফি আদায় করা হয়।

মতামত দিন