জাতীয়
ছবি: সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ, বিকল্প পথে চলাচলের আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

আগামীকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানের কারণে ওই এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে অনুষ্ঠানমালা। এতে সংগীত পরিবেশন, ফ্যাসিস্ট পলায়ন উদযাপন, ঐতিহাসিক ঘোষণা পাঠ, ড্রোন শো এবং আর্টসেলের পরিবেশনার মতো নানা আয়োজন থাকবে।

জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ডিএমপি জানিয়েছে, খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। নগরবাসীকে ওই পথ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

বিকল্প পথ ও ডাইভারশন নির্দেশনা:

🔹 আড়ং ক্রসিং: মোহাম্মদপুর বা মিরপুর থেকে ফার্মগেটগামী যানবাহন আড়ং ক্রসিংয়ে সোজা  ধানমন্ডি-২৭ হয়ে মিরপুর রোডে চলাচল করবে।

🔹 খেজুর বাগান ক্রসিং: এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড দিয়ে আসা যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউতে না গিয়ে ডানে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড দিয়ে ধানমন্ডি যাবে। বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের অনুরোধ।

🔹 ফার্মগেট: খেজুর বাগান বা মানিক মিয়া অ্যাভিনিউগামী গাড়ি ফার্মগেট থেকে সোজা বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং এবং লেক রোড দিয়ে চলবে।

🔹 গণভবন ক্রসিং: ফার্মগেট অভিমুখী গাড়ি গণভবন ক্রসিং থেকে বামে লেক রোডে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে যাবে।

🔹 আসাদগেট: মোহাম্মদপুর থেকে আসা গাড়ি আসাদগেট থেকে ডানে না গিয়ে বামে মোড় নিয়ে গণভবন হয়ে যাবে বিজয় সরণির দিকে।

🔹 সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক: আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

পার্কিং ব্যবস্থা: নিজস্ব বা ভাড়া করা যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে পার্ক করতে বলা হয়েছে।

অনুষ্ঠান কেন্দ্রিক যানজট রোধে ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

মতামত দিন