মাদারগঞ্জে সড়ক ধসে ঝুঁকিতে ৫০ হাজার মানুষের চলাচল।
জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহের তেঘরিয়া কাশেমের মোড় থেকে ঝাড়কাটা পর্যন্ত রাস্তার মোগল মোড় সংলগ্ন অংশ ধসে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছে ওই এলাকার মানুষ। প্রায় ২০টি গ্রামে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, টানা বর্ষণের কারণে সড়কের একটি বড় অংশ পাশের খালের পানিতে পড়ে যাওয়ায় এখন যান চলাচল ব্যাহত হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন, কিন্তু এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে নানান ধরনের ছোট গাড়ি, ভটভটি ও ইজিবাইক চলাচল করছে। স্থানীয়রা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, যা তাদের জীবনের জন্য বিপদজনক।
ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন মিয়া বলেন, "আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এই ধসে যাওয়া রাস্তা পেরিয়ে বিদ্যালয়ে আসতে বাধ্য হচ্ছেন, যা খুবই বিপজ্জনক। দ্রুত সংস্কার করা প্রয়োজন।"
মাদারগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল জানান, "রাস্তার অবস্থা খারাপ হলেও দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। অতিবৃষ্টির কারণে সড়কের একাংশ ধসে যাওয়ায় তা সংস্কারের জন্য পরিকল্পনা চলছে।"
মতামত দিন