বৃষ্টি-ঢলে টইটম্বুর কাপ্তাই হ্রদ, গেট খুলছে মঙ্গলবার সকাল ১০টায়।
টানা ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমা ছুঁইছুঁই করছে। হ্রদের পানি বিপদসীমায় পৌঁছানোয় বাঁধের জলকপাট খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদুল হাসান। তিনি জানান, “কাপ্তাই হ্রদের বর্তমান পানির স্তর ১০৭ দশমিক ৪৯ এমএসএল-এ পৌঁছেছে। আগেই জানানো হয়েছিল সোমবার দুপুরে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে, কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে তা একদিন পিছিয়ে মঙ্গলবার সকাল দশটায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিদ্যুৎকেন্দ্রের এক অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গেটগুলো খোলা হলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে। পাশাপাশি কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৩২ হাজার কিউসেক পানি নির্গমন হচ্ছে লেক থেকে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, পানি প্রবাহের বর্তমান গতি ও আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি ইনফ্লো হঠাৎ করে বাড়ে, তবে বাড়তি পানি ছাড়তে জলকপাট আরও বেশি খোলা হতে পারে।
স্থানীয় প্রশাসন ও নদীপাড়ের বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মতামত দিন