গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, আহত অন্তত ১০।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। সোমবার (৪ আগস্ট) ভোরে উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালগামী শামীম পরিবহনের বাসটি ভোরের দিকে গতি হারিয়ে সড়কের পাশে থাকা একটি পরিত্যক্ত দোকানঘর ভেঙে খালের পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর বাস থেকে আহতদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেন।
পরে খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, “আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে স্থানীয়দের ধারণা, বাসটির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন অথবা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
মতামত দিন