তিস্তা ব্যারাজে বিপৎসীমার ওপরে পানি, নিম্নাঞ্চলে ঢুকছে পানি।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রোববার (৩ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৭ মিটার, যা বিপৎসীমার চেয়ে ০.২ সেন্টিমিটার বেশি।
তিস্তা ব্যারাজের পানিপ্রবাহ নিয়ন্ত্রণে ইতোমধ্যে ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,ভারতের পার্বত্য এলাকা থেকে আসা ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টির কারণে হঠাৎ করেই পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা—যার মধ্যে আমন ধানের বীজতলা—পানিতে তলিয়ে গেছে। নদীর পাড়ের মানুষজন আশঙ্কায় আছেন নদীভাঙন ও বন্যা নিয়ে।
পানির তোড় বাড়ার প্রভাবে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ৮ থেকে ১০টি চর এবং পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে।
তিস্তা ব্যারাজ এলাকায় দায়িত্বে থাকা পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানান, পানি বাড়ছে উজান থেকে নেমে আসা ঢলের কারণে। স্রোত নিয়ন্ত্রণে ব্যারাজের সব কটি জলকপাট খুলে রাখা হয়েছে।
এদিকে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “তিস্তার পানির গতি ও উচ্চতা নজরদারিতে রাখা হয়েছে। চর ও নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

মতামত দিন