জাতীয়
ছবি: সংগৃহীত

১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ, নিহতদের স্মরণে শোকসভা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ১২ দিনের বিরতির পর অবশেষে রোববার (৩ আগস্ট) খুলছে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুর শোক কাটিয়ে ফের স্বাভাবিক পাঠদান শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে প্রথম দিন কোনো ক্লাস কিংবা পরীক্ষা নয়, নিহতদের স্মরণে আয়োজন করা হয়েছে শোকসভা।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে এই স্মরণসভা। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, আহতদের সুস্থতা কামনা এবং শিক্ষার্থীদের মানসিক সহায়তার নানা কর্মসূচি থাকবে।

২১ জুলাই মাইলস্টোন কলেজের দিয়াবাড়ী ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে ক্যাম্পাস নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শোকসভায় অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান আবেগঘন কণ্ঠে বলেন, “ওইদিন নিয়োগ বোর্ডের ডাকে আমি মূল ভবন থেকে বের হয়ে যাই। মাত্র ৭-৮ মিনিট পরেই দুর্ঘটনাটি ঘটে। না গেলে আমিও হয়তো লাশ হয়ে যেতাম।”

অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সপ্তম শ্রেণির নিহত শিক্ষার্থী জারিফ হাসানের বাবা বলেন, “জারিফ সেদিন স্কুলে যেতে চাইছিল না। ওর মা জোর করে পাঠিয়েছিল।” নিহত শিক্ষক  মাসুকা বেগমের সহকর্মীরা জানান, শিক্ষার্থীদের ফেলে না গিয়ে তিনিও আহত হন। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।

অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও স্মৃতিচারণ করেন শিক্ষকরা।প্রতিষ্ঠান প্রধান খাদিজা আক্তার ও ইংরেজি শিক্ষিকা নুসরাত আলম বক্তব্য রাখেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, ধীরে ধীরে শিক্ষার পরিবেশে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

মতামত দিন