গাজীপুর মেট্রোপলিটনে পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা চালু হচ্ছে রোববার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আওতাধীন সব থানায় এবার থেকে ঘরে বসেই করা যাবে সাধারণ ডায়েরি (জিডি)। রোববার (৩ আগস্ট) থেকে চালু হচ্ছে পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা।
শনিবার এক বিজ্ঞপ্তিতে পুলিশের সদর দপ্তর জানিয়েছে, নাগরিক সেবাকে আরও সহজ ও ডিজিটাল করার উদ্যোগের অংশ হিসেবেই এ সুবিধা চালু হচ্ছে। এতদিন জিএমপির থানাগুলোতে কেবল হারানো বা প্রাপ্তিসংক্রান্ত জিডি করার সুযোগ থাকলেও এবার যেকোনো ধরনের জিডি অনলাইনে করার সুবিধা মিলবে।
এর আগে দেশের আটটি পুলিশ রেঞ্জ এবং ছয়টি মেট্রোপলিটন এলাকায় অনলাইন জিডি চালু ছিল। এবার গাজীপুরও সেই তালিকায় যুক্ত হলো।
বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ এবং সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।
পুলিশ জানায়, অনলাইন জিডি করতে চাইলে ব্যবহারকারীদের ‘Online GD’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে আর তা প্রয়োজন হবে না। কোনো অসুবিধা হলে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এই উদ্যোগের ফলে থানায় না গিয়েও সাধারণ মানুষ জিডি করতে পারবেন, যা সময় ও ভোগান্তি কমাবে বলে আশা করছে পুলিশ।

মতামত দিন