জাতীয়
ছবি: সংগৃহীত

“অতীতে যা হয়নি, এবার সেটাই হতে যাচ্ছে”—সৌদি আরবের সঙ্গে শ্রমচুক্তি প্রসঙ্গে আসিফ নজরুল।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের এক ঐতিহাসিক শ্রমচুক্তি খুব শিগগিরই সই হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন,  আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত চুক্তি কার্যকর হতে পারে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এ প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ বলেন, “বাংলাদেশের ইতিহাসে এ ধরনের চুক্তি এই প্রথম। আগে বহুবার চেষ্টা করেও সফল  হওয়া যায়নি। এমনকি ভারতের বা পাকিস্তানের সঙ্গেও সৌদির এ ধরনের আনুষ্ঠানিক চুক্তি নেই। আমরা বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে।”

মালয়েশিয়া প্রসঙ্গে তিনি বলেন, “বিগত বছর যেসব শ্রমিক টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের ফের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এটি নিয়ে নানা ভুল বোঝাবুঝি হয়েছে, সমালোচনাও শুনতে হয়েছে। কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং দ্রুত অগ্রগতির খবর পাবেন।”

প্রবাসীদের উদ্দেশে কিছু সতর্কবার্তা দিয়ে আসিফ নজরুল বলেন, “বিদেশ মানেই স্বপ্নের জীবন নয়। অনেক সময় আমাদের ভাই-বোনেরা প্রতারণার শিকার হন, ভোগান্তির মধ্য দিয়ে যান। কেউ যদি বিদেশ যাওয়ার জন্য ১০ লাখ টাকা খরচ করতে পারেন, তবে সেই অর্থ দিয়ে দেশে ক্ষুদ্র ব্যবসা করাও সম্ভব।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে ১৮ কোটি মানুষের বাজার। একটু সৎভাবে কিছু শুরু করলেই  লাভবান হওয়া যায়। তাই বিদেশ যাত্রার আগে সবদিক বিবেচনা করুন, যাচাই করুন কে পাঠাচ্ছে। কোনো চুক্তিতে সই করার আগে খুঁটিনাটি দেখে সিদ্ধান্ত নিন।”

প্রবাসীদের পুনর্বাসনের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও ডিজিটাল ও জনবান্ধব করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

সততার সঙ্গে যারা বিদেশে শ্রম দিচ্ছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “৯৯ শতাংশ প্রবাসী পরিশ্রমী, দেশের গর্ব। তবে বাকি ১ শতাংশের অবৈধ কর্মকাণ্ডের কারণে কখনো কখনো সবাইকেই মূল্য দিতে হয়।”

মতামত দিন