জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার শেষ হয়।
জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৭ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান কালবেলাকে জানান, সবার দোয়ায় ও চিকিৎসকদের দক্ষতায় সফল হয়েছে এই জরুরি অস্ত্রোপচার।
ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল সার্জারিতে অংশগ্রহণ করে। অস্ত্রোপচারের পর জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ডা. শফিকুর রহমান সুস্থ আছেন এবং দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং দেশবাসীর দোয়া কামনা করেছেন।
ডা. জাহাঙ্গীর কবির জানান, “ডা. শফিকুর রহমানের দুটি ধমনিতে চারটি বাইপাস করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। এছাড়া তিন দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে এবং তিন সপ্তাহের মধ্যে রাজনৈতিক অঙ্গনে ফেরার আশা করা হচ্ছে।”
এর আগে, ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে জানা যায়, তার হৃদয়ের পাঁচ থেকে ছয়টি আর্টারিতে ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রায় ৮৫ শতাংশ আটকে ছিল।

মতামত দিন