জাতীয়
ছবি: সংগৃহীত

৫ আগস্টের আগেই আসছে ‘জুলাই ঘোষণাপত্র’: মাহফুজ আলম।

নিজেস্ব প্রতিবেদক:

‘জুলাই ঘোষণাপত্র’ এখন আর কোনো প্রত্যাশা নয়, সেটি বাস্তবায়নের পথে— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঘোষণাপত্রটি ৫ আগস্টের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

মাহফুজ আলম লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি প্রকাশিত হবে। এই ইস্যুকে গণআকাঙ্ক্ষার অংশ হিসেবে ধরে রেখে যারা এর বাস্তবায়নকে এগিয়ে এনেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।”

এর আগেই জানা গিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া চূড়ান্ত করেছে এবং প্রধান রাজনৈতিক দলগুলোর (বিএনপি, জামায়াত ও এনসিপি) কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খসড়াটি ২৬ দফা সুপারিশে গঠিত এবং অত্যন্ত গোপনীয়ভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে প্রকাশের সময় কোনো রাজনৈতিক বিরোধ বা বিতর্ক সৃষ্টি না হয়।

ঘোষণাপত্রের খসড়ায় উল্লেখ করা হয়েছে, দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার পেছনে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শক্তিশালী ভূমিকা। উল্লেখযোগ্য বিষয় হলো, খসড়ার প্রাথমিক সংস্করণে বলা হয়েছিল ‘নেতৃত্বে’, তবে চূড়ান্ত খসড়ায় শব্দটি বদলে শুধু ‘ডাকে’ বলা হয়েছে, যাতে রাজনৈতিক ভারসাম্য বজায় থাকে।

এছাড়া দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আসা বিএনপি ও জামায়াতের রাজনৈতিক ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়েছে দলিলটিতে। বিশেষ করে ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী-জনতার ‘বিপ্লব’ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে গৃহীত সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়টিও উল্লেখ করা হয়েছে বিএনপির প্রস্তাবের ভিত্তিতে।

প্রসঙ্গত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। সরকারের প্রধান ম্যান্ডেট হলো রাষ্ট্রীয় সংস্কার ও নাগরিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। ‘জুলাই ঘোষণাপত্র’ সেই মিশনের রূপরেখা দেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

মতামত দিন