যোগদানের ২২ দিনেই বদলি, শিবচর থানার ওসি ক্লোজড।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে দায়িত্ব নেওয়ার মাত্র ২২ দিনের মাথায় থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) প্রশাসনিক সিদ্ধান্তে তাকে শিবচর থানা থেকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।
গত ৯ জুলাই ওসি হিসেবে শিবচরে যোগ দিয়েছিলেন আজহার আলী। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তাকে “শৃঙ্খলাভঙ্গ” অভিযোগে ক্লোজড করা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। যদিও তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
শিবচর থানার একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, জনস্বার্থ বিবেচনায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে বলেও জানা গেছে। তবে এসব অভিযোগ এখনও তদন্তাধীন।
মাদারীপুরের পুলিশ সুপার বলেন, “ওসিকে ক্লোজড করা হয়েছে প্রশাসনিক কারণে। প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”
মতামত দিন