জাতীয়
ছবি: সংগৃহীত

একযোগে বদলি ৪৯ এনবিআর কর্মকর্তা।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের প্রশাসনিক রদবদল ঘটেছে। একদিনেই বদলি করা হয়েছে সংস্থার ৪৯ কর্মকর্তাকে, যাঁদের মধ্যে রয়েছেন ২৫ অতিরিক্ত কমিশনার এবং ২৪ জন যুগ্ম কমিশনার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুরের স্বাক্ষরে প্রকাশিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বদলি প্রশাসনিক দিক থেকে নিয়মিত প্রক্রিয়া হলেও একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তার রদবদল নজরকাড়া।

জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তারা রাজধানীসহ দেশের বিভিন্ন ভ্যাট, কাস্টমস ও কর অঞ্চলে কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সাম্প্রতিক সময়ের এনবিআর-বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে গুঞ্জন রয়েছে।

এদিকে এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যান অপসারণ দাবিতে সংগঠিত হওয়া আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে একাধিক কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও অন্তত ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে।

এই বদলির মাধ্যমে এনবিআরের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও বার্তা স্পষ্ট করার চেষ্টা করছে কর্তৃপক্ষ— এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন