সিলেট বিমানবন্দরে ব্রিজের চাকা বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে রুম্মান আহমদ (২২) নামের এক তরুণ টেকনিশিয়ান প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রুম্মান নগরীর টিলাপাড়া এলাকার বাসিন্দা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় হঠাৎ একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হলে রুম্মানসহ আরও একজন টেকনিশিয়ান গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর রুম্মানকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু আইসিইউ না থাকায় তাকে দ্রুত রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি এনামুল হক বর্তমানে চিকিৎসাধীন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, এটি ছিল চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের রুটিন কাজ। দুর্ঘটনার সময় বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”

মতামত দিন