মহেশপুরে স্কুলে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ।
ঝিনাইদহের মহেশপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল ফোন এবং মোটরসাইকেল আনা নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির অপব্যবহার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক বৈঠকে ইউএনও বলেন, “বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে দেখা গেছে, অনেক ছাত্রছাত্রী শ্রেণিকক্ষে পাঠে মনোযোগ না দিয়ে মোবাইলে গেম খেলে বা সামাজিক মাধ্যমে সময় কাটায়। এই প্রবণতা নিয়ন্ত্রণে না আনলে শিক্ষা পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে।”
নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে কয়েকটি স্কুলে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার দিকে উৎসাহ দিতে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন খেলাধুলার উপকরণ।
স্থানীয় এক অভিভাবক বলেন, “ছেলেমেয়েরা এখন ক্লাসে বসে ভিডিও দেখে। আমরা চাই তারা আবার বইয়ে ফিরে যাক। প্রশাসনের উদ্যোগটা খুব ভালো।”
শিক্ষকরাও মনে করছেন, নিয়মিত তদারকি থাকলে শিক্ষার্থীরা শৃঙ্খলার প্রতি আগ্রহী হবে। এক শিক্ষক জানান, “শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, সেটা বাস্তবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”
ইউএনও খাদিজা আক্তার বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হিসেবে বড় হোক। মোবাইল বা বাইক শিক্ষা জীবনে ব্যাঘাত না ঘটায়, সেই পরিবেশ তৈরিই আমাদের লক্ষ্য।”
মতামত দিন