নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব।
বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে প্রবেশ করেছে দেশ— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ জুলাই) তিনি জানান, সামনে পাঁচ-ছয়দিনে রাজনৈতিক প্রক্রিয়া কোন দিকে গড়াবে, তা পরিষ্কার হয়ে যাবে।
"আমরা এখন একটি স্পর্শকাতর মুহূর্তে দাঁড়িয়ে। সামনে কী হতে যাচ্ছে, তা এই ক’দিনেই বোঝা যাবে। তবে একটি বিষয় নিশ্চিত— নির্বাচন পেছাবে না," বলেন শফিকুল।
তিনি জানান, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। “জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব,” মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজি ও দলীয় তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম প্রসঙ্গেও কথা বলেন প্রেস সচিব। জানান, “চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার এত বছর পরও রাজনৈতিক দলের অর্থায়নব্যবস্থায় স্বচ্ছতা না আসাটা হতাশাজনক। এই সংস্কৃতি ভাঙতেই এখনকার সরকার কাজ করছে।”
মতামত দিন