জাতীয়
ছবি: সংগৃহীত

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু, প্রতিশোধ নিতে কাঁচা সাপ চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে।

নিজেস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষধর সাপের ছোবলে এক সাপুড়ে নিহত হওয়ার পর, প্রতিশোধ নিতে সেই সাপকে কাঁচা খেয়ে ফেলেছেন আরেক সাপুড়ে। বুধবার (৩০ জুলাই) বিকেলে বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে জনসম্মুখে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালিপাড়া গ্রামে সাপ ধরতে গিয়ে গোখরা সাপের ছোবলে প্রাণ হারান। পরে নিহতের স্বজনদের অনুরোধে মোজাহার নামের অপর এক সাপুড়ে ঘটনাস্থলে গিয়ে সেই সাপ ও তার বাচ্চাগুলো সংগ্রহ করেন। এরপর বাজারে এনে প্রকাশ্যে বড় সাপটিকে কাঁচা চিবিয়ে খান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাহারের এমন কাণ্ড দেখতে গাবতলা বাজারে ভিড় করেন শত শত মানুষ। তিনি বলেন, "এই সাপই আমার ভাইয়ের মতো সাপুড়েকে মেরেছে। আমি ওকে জীবনে ফিরিয়ে আনতে পারি না, তাই সাপটা কাঁচা খেয়ে প্রতিশোধ নিয়েছি।"

ঘটনার সূত্রপাত বুধবার সকালবেলা। ইমরান আলীর বাড়ির রান্নাঘরে থাকা একটি ইঁদুরের গর্তে গোঁখরা সাপ ও ১২-১৫টি সাপের বাচ্চা দেখে স্থানীয়রা বয়েজ উদ্দিনকে খবর দেন। মাটি খুঁড়ে বাচ্চাগুলো বের করলেও বড় সাপটি ধরার সময় ছোবল খেয়ে পড়েন তিনি। প্রথমে তেমন কিছু বোঝা না গেলেও, কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আবু সায়েম বলেন, "সাপে কাটলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আনতে হবে। অনেকেই এখনও ঝাড়ফুঁকে বিশ্বাস করেন, যা প্রাণঘাতী হতে পারে। হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে।"

নিহত বয়েজ উদ্দিনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আর গাবতলা বাজারে মোজাহারের কাণ্ড ঘিরে চাঞ্চল্যের পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। অনেকেই একে ‘আধিভৌতিক বিশ্বাস’ হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, সাপুড়েদের জীবনে এটা ‘প্রথাগত প্রতিক্রিয়া’।

মতামত দিন