অভয়নগরে আতাই নদীর বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত, পানিবন্দি শতাধিক পরিবার।
স্থানীয়রা জানান, নদীর দুর্বল বাঁধ দিয়ে প্রবল জোয়ারের পানি ঢুকে গেছে বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘেরে। রামনগরের বাসিন্দা সেলিম রহমান অভিযোগ করে বলেন, প্রতি বছর বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হয়, কিন্তু টেকসই বাঁধ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয় না।
শান্তিপুর গ্রামের মানুষরা জানান, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে আতাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সোমবার থেকে ঋষিপাড়ায় বাঁধের প্রায় ২০০ মিটার ভেঙে যাওয়ায় প্লাবন দেখা দেয়।
স্থানীয় চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা চলছে। উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে অভয়নগরের ইউএনও পার্থ প্রতিম শীল জানান, যশোর পানি উন্নয়ন বোর্ডকে পরিস্থিতি জানানো হয়েছে। তারা আপাতত বাঁধের দুর্বল অংশে জরুরি সংস্কার করবে এবং মৌসুম শেষে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন