ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর।
ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর এসেছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে অবৈধভাবে অবস্থান করা শ্রমিকরা জরিমানা ছাড়াই বৈধতার আওতায় আসতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (৩০ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
তিনি লেখেন, “ওমানে অবস্থানরত প্রবাসীদের জন্য বৈধতার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।এই সময়ের মধ্যে যারা স্বেচ্ছায় বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নেবেন, তাদের কোনো জরিমানা গুণতে হবে না।”
ড. নজরুল আরও অনুরোধ করেন, যাদের বৈধ কাগজ নেই, তারা যেন এই সুযোগ কাজে লাগান এবং প্রয়োজনে ওমানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।
ওমানের শ্রম মন্ত্রণালয় জানায়, বিদেশি শ্রমিক ও নিয়োগকর্তাদের অনুরোধে এই সময়সীমা বাড়ানো হয়েছে। উদ্দেশ্য হচ্ছে— আরও বেশি মানুষকে শ্রম আইনের আওতায় নিয়ে আসা এবং বৈধ কাঠামোর ভেতরে তাদের স্থিতিশীলতা নিশ্চিত করা।
ওমানপ্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন, এটি একটি বিরল সুযোগ। তবে তারা সতর্ক করছেন, সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কঠোর আইনের মুখোমুখি হতে হবে, যার মধ্যে জেল ও মোটা অঙ্কের জরিমানাও রয়েছে।

মতামত দিন