জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচলে ভোগান্তি।
রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন 'জুলাই যোদ্ধা সংসদ'-এর নেতাকর্মীরা। জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে তারা রাস্তায় নামেন, ফলে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও অচলাবস্থা।
সকাল সাড়ে ১০টা নাগাদ ব্যানার, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন জুলাই আন্দোলনের কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকার জুলাই সনদ ঘোষণা না করায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম এবং প্ল্যাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন। তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
অবরোধের কারণে শাহবাগ মোড় হয়ে রমনা,টিএসসি, বাংলামোটর ও কাঁটাবনমুখী সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকা জুড়ে দেখা দিয়েছে যানজট এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন শান্তিপূর্ণভাবে সড়ক ছাড়ানোর চেষ্টা করতে।
শাহবাগ মোড়ে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

মতামত দিন