জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান, ৩০ অক্টোবর শেষ সময়।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ২০২৬ সালের একুশে পদক প্রদানের জন্য প্রস্তাবিত মনোনয়ন জমা দিতে আহ্বান জানিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রস্তাব পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের।

মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং পূর্বে স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত গুণীজনদের কাছ থেকে মনোনয়ন চাওয়া হয়েছে।

ভাষা আন্দোলন, শিল্পকলা (যেমন সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ সরকার নির্ধারিত যেকোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পদকের জন্য বিবেচনা করা হবে। মনোনীত ব্যক্তি জীবিত বা মৃত—উভয়ই হতে পারেন।

মনোনয়ন প্রক্রিয়া, নীতিমালা ও প্রয়োজনীয় ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের (www.moca.gov.bd) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (www.moi.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৬ সালে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এই পদক চালু করা হয়। সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও জাতিগঠনে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে সরকার।

মতামত দিন