জাতীয়
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানিতে ডুবতে বসেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, সতর্ক পর্যটন কর্তৃপক্ষ।

নিজেস্ব প্রতিবেদক:

টানা বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় রাঙামাটির ঐতিহাসিক ঝুলন্ত সেতুর নিচে পানি ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে সেতুটির একপাশ পানির নিচে চলে যেতে দেখা যায়।

  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেতুর বিভিন্ন অংশে ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত পানি উঠে যায়।

প্রায় ৩৪০ ফুট দীর্ঘ এই দৃষ্টিনন্দন সেতুটি রাঙামাটি শহরের পর্যটন এলাকায় ১৯৮৬ সালে নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। পাহাড় ও হ্রদঘেরা এই সেতু রাঙামাটির অন্যতম আকর্ষণ এবং প্রতীক হিসেবে পরিচিত। জলপথ ও স্থলপথ উভয় মাধ্যমেই সেতুটিতে সহজে যাওয়া যায়।

জানা যায়, কাপ্তাই হ্রদের পানির স্তর যখন ১০৪ থেকে ১০৫ এমএসএল (মিন সি লেভেল) ছুঁয়ে যায়, তখন থেকেই সেতুটির নিচে পানি ঢুকতে থাকে। এবছর পানি বেড়ে বর্তমানে হ্রদের উচ্চতা পৌঁছেছে ১০৫ দশমিক ৬৯ এমএসএলে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, পানি যদি ১০৮ দশমিক ৫ এমএসএলের কাছাকাছি পৌঁছায়, তবে জলকপাট খুলে পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা বলেন, “সেতুতে এখনো পুরোপুরি পানি ঢোকেনি, তবে ছুঁই ছুঁই করছে। যদি পানি প্রবেশ করে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়, তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দর্শনার্থীদের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে।”

বর্তমানে সেতু দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও পর্যটন বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

মতামত দিন