জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ মৃত্যু,নতুন ভর্তি ডেঙ্গু রোগী ৩৯৩ জন।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৩১৬ জন।

মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।  এতে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৯ জনে।

বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা যায়, গত এক দিনে বরিশালে সর্বোচ্চ ১০১ জন, চট্টগ্রামে ৬৪ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ৫২ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৬০ জন, উত্তর সিটিতে ৪৬ জন, খুলনায় ২৬  জন, রাজশাহীতে ৩৮ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬৪ জন। এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৫১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, আগের বছর ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

মতামত দিন