মশা তাড়াতে খড়ের ধোঁয়া, আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার।
জামালপুরের মাদারগঞ্জে মশা তাড়াতে খড় দিয়ে ধোঁয়া দেওয়ার সময় গোয়ালঘরে ভয়াবহ আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়েছে দুটি গরু ও তিনটি ছাগলও।
সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দ বাজার এলাকায় জাক্কু মণ্ডলের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত কুলসুম ওই বাড়ির গৃহবধূ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মশার উৎপাত থেকে গবাদিপশুদের রক্ষা করতে জাক্কু মণ্ডল গোয়ালঘরে খড় জ্বালিয়ে ধোঁয়া দিচ্ছিলেন।কিছুক্ষণ পর সেই ধোঁয়া থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরের চারপাশে। এ সময় ভিতরে থাকা গরু-ছাগল বাঁচাতে ছুটে যান কুলসুম। কিন্তু গরুর ধাক্কায় পড়ে গিয়ে বের হতে পারেননি। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুলসুমের ছেলে ওমর ফারুক বলেন, “মশারির ব্যবস্থা ছিল না, তাই খড় জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছিল। কিন্তু সেই ধোঁয়া থেকেই ভয়াবহ আগুন লাগে। মা গরু-ছাগল বাঁচাতে গিয়ে আর বের হতে পারেননি।”
মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন