বঙ্গোপসাগরে ট্রলারডুবি: জীবিত উদ্ধার ৯ জেলে, নিখোঁজ ৬।
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় চার দিন ভেসে থাকার পর ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন।
‘এফবি সাগরকন্যা’ নামের ওই ট্রলারটি গত শনিবার (২৬ জুলাই) সকালে কুয়াকাটার শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটি মহিপুর থেকে ১৫ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল।
বেঁচে ফেরা জেলেদের ভাষ্য অনুযায়ী, সমুদ্রে জাল ফেলতে না ফেলতেই হঠাৎ ঝড় ও বিশাল ঢেউ এসে ট্রলারটি উল্টে দেয়। একজন জেলে সঙ্গে সঙ্গেই ঢেউয়ে নিখোঁজ হন। বাকি জেলেরা বাঁশ ও ভেসে থাকার ফ্লুট ধরে সাগরে ভেসে থাকতে থাকেন। ধীরে ধীরে আরও পাঁচজন ঢেউয়ে হারিয়ে যান।
বাকি ৯ জন ভেসে ভেসে শেষ বয়া সংলগ্ন এলাকায় পৌঁছান। সেখান থেকে সোমবার রাতে দুটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসে। পরে আহতদের ভর্তি করা হয় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নিখোঁজ জেলেরা হলেন—ট্রলারচালক আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, “ট্রলার মালিক কিশোর হাওলাদার ২৬ জুলাই নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা উদ্ধার অভিযানে কাজ করছি।”

মতামত দিন