৪৮তম বিসিএস (বিশেষ)-২০২৫: মৌখিক পরীক্ষার সময়সূচিতে সংশোধনী প্রকাশ।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫ সালের মৌখিক পরীক্ষার সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। সোমবার (২৮ জুলাই) প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে পূর্বের বিজ্ঞপ্তির একটি শর্ত সংশোধন করা হয়েছে।
সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীদের এখন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে। পূর্বে চাওয়া হয়েছিল চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি।
পিএসসি গত রোববার (২৭ জুলাই) ৪৮তম বিসিএস (বিশেষ)-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার প্রথম ধাপের সময়সূচি ঘোষণা করেছিল। সহকারী ডেন্টাল সার্জন ক্যাডারে ৫১১ এবং সহকারী সার্জন ক্যাডারে ১৯১ প্রার্থীসহ মোট ৭০২ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ ও ১০ আগস্ট পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।
৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় মোট ৫২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। এ বছর ৪১ হাজার ২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সরকার এই বিসিএস থেকে প্রায় তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে।
পিএসসি পূর্বেই জানিয়েছিল, এই বিসিএসে মোট নম্বর ৩০০। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মতামত দিন