উত্তরার দুর্ঘটনায় “স্বাস্থ্যব্যবস্থার ব্যর্থতা উন্মোচিত”: আমীর খসরু।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত লামিয়া আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে ঘটনার গভীরতা ও রাষ্ট্রীয় অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৮ জুলাই) বিকেলে উত্তরার দিয়াবাড়ি এলাকায় লামিয়ার বাসায় যান তিনি।
স্বজনরা জানান, ২১ জুলাই মেয়েকে আনতে গিয়ে দুর্ঘটনায় দগ্ধ হন লামিয়া আক্তার। সেদিনই তিনি মারা যান। পরে ২৪ জুলাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয় এবং রাতেই দাফন সম্পন্ন হয় বিরুলিয়ার বাগনিবাড়িতে।
আমীর খসরু বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু এক পরিবারের ক্ষতি নয়, এটি রাষ্ট্রের ব্যর্থতাও উন্মোচন করেছে। আমরা এখনও এমন একটা দেশ হয়ে উঠিনি যেখানে গুরুতর আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার সক্ষমতা আছে। এটা কেবল দুর্ঘটনার সমস্যা নয়, স্বাস্থ্যখাতের নীতিগত দুর্বলতা।”
তিনি আরও বলেন, “মা হারা জায়রার পাশে বিএনপি থাকবে। তার লেখাপড়া যেন কোনোভাবে থেমে না যায়, তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”
সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি নেতারা।
প্রসঙ্গত, ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা হতাহত হন। পরদিন রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক ঘোষণা করা হয়।

মতামত দিন