‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে পাঁচ দিনের বইমেলা শুরু ৩১ জুলাই।
বাংলা একাডেমি প্রাঙ্গণে ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’। বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই মেলা চলবে ৫ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইপ্রেমীদের জন্য।
মেলার উদ্বোধন করবেন শহিদ ফাহিম জাফরের মা, নাগরিক সমাজের পরিচিত মুখ কাজী লুলুল মাখ মিন। উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা।
দেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। শুধু বই বিক্রির প্ল্যাটফর্ম নয়, প্রতিদিনই মেলার আয়োজনে থাকবে 'জুলাই গণঅভ্যুত্থান' নিয়ে স্মৃতি ও পাঠভিত্তিক আলোচনা সভা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তা দ্রুতই সর্বজনীন গণআন্দোলনে রূপ নেয়। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা ওই আন্দোলনে সরকারি দমন-পীড়নে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ। সহস্রাধিক মানুষ আহত হন এবং অনেকে এখনো নিখোঁজ।
চূড়ান্ত চাপের মুখে, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারত চলে যান, যা বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী মোড় এনে দেয়। এই ঐতিহাসিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে এবারের বইমেলা।
মতামত দিন