সন্ত্রাসবাদে ‘জিরো টলারেন্স’ পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ইউনূস।
দেশের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে জায়গা দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার বিকেলে (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “সন্ত্রাস দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। “আমরা সর্বোচ্চ অগ্রাধিকারে এ বিষয়টি বিবেচনা করছি,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে চলা প্রায় ৪০ মিনিটের এই বৈঠকে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক আলোচনা, শুল্কনীতি এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে কথা হয়।
জাতীয় নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক উত্তরণের পথে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন জ্যাকবসন।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। ইউনূস বলেন, “অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এই কমিশনের সদস্যরা আন্তরিকভাবে কাজ করছেন। আমরা জাতীয় ঐক্য গঠনে আশাবাদী।”

মতামত দিন