দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৩৯৪।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় চারশ রোগী।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২৮ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৯৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকায় এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৪৮ জন রোগী, আর রাজধানীর বাইরের বিভাগগুলোতে চিকিৎসাধীন আছেন ৯১০ জন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৫৮।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ মাসেই এখন পর্যন্ত ৯ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৬ জনের।
সারা বছরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সংক্রমণের মাত্রা এখনও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের মতে, মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
মতামত দিন