জাতীয়
ছবি: সংগৃহীত

আজ থেকে বিমানবন্দরে যাত্রীপ্রতি দুইজন স্বজনের প্রবেশ অনুমতি কার্যকর।

নিজেস্ব প্রতিবেদক: 

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার (২৭ জুলাই) থেকে যাত্রীপ্রতি সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশের নতুন বিধি কার্যকর হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ থেকে ডিপারচার ড্রাইভওয়ে এবং অ্যারাইভাল ক্যানোপিতে যেকোনো যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি বিদায় কিংবা স্বাগত জানানোর জন্য প্রবেশ করতে পারবেন। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতেই এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ  পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সবাইকে বিমানবন্দর এলাকায় শৃঙ্খলার সঙ্গে চলাচলের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাতে এই নির্দেশনার ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন বছরে প্রায় এক কোটি ২৫ লাখ যাত্রী। প্রতিদিন এই বিমানবন্দর থেকে পরিচালিত হয় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট।

মতামত দিন