জাতীয়
ছবি: সংগৃহীত

একযোগে ইসির ৭১ নির্বাচন কর্মকর্তার রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত গতি আনতে দেশের বিভিন্ন পর্যায়ের ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক অফিস আদেশে এই পরিবর্তন নিশ্চিত করা হয়।

ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এ আদেশে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না ছাড়লে ৪ আগস্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে বিবেচিত হবেন।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা নতুন দায়িত্ব পেয়েছেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী  পরিচালক হিসেবে।

নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ কার্যকরের কথা জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মতামত দিন