পায়রা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙাশ।
বরগুনার তালতলীতে পায়রা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে ১১ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছের সন্ধান পেয়েছেন স্থানীয় এক জেলে। মাছটি বিক্রি করেছেন ৯ হাজার টাকায়।
রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়ার বাসিন্দা জেলে মো. শাহ আলম নদীতে বড়শি ফেলেন। ঘণ্টাখানেকের মধ্যেই তার বড়শিতে আটকা পড়ে মাছটি।
শাহ আলম জানান, তিনি নিয়মিত বড়শি নিয়ে নদীতে যান। তবে এত ভারী মাছ কখনও ধরা পড়েনি। মাছের ওজন ও আকার দেখে তিনি নিজেই চমকে যান। পরে মাছটি স্থানীয় তালতলী বাজারে নিয়ে গিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল আমিনের কাছে বিক্রি করেন।
ব্যবসায়ী আল আমিন বলেন, "মাছটা দেখে মানুষ ভিড় করেছিল। দরদাম করে ৯ হাজার টাকায় কিনেছি। এখন কেটে খুচরা বাজারে বিক্রি করব।"
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকায় সাগর ও নদীতে গত ক’মাসে অনেক কম মাছ ধরা হয়েছে। ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বেড়েছে। তিনি বলেন, “এই ধরনের বড় মাছ ধরা পড়া এরই প্রতিফলন।”

মতামত দিন