রাজধানীর ডেমরায় হেলে পড়ল ৬তলা ভবন।
ঢাকার ডেমরা এলাকায় একটি ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে।
রোববার (২৭ জুলাই) হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে অবস্থিত ৬তলা একটি ভবন পাশের ৭তলা ভবনের গায়ে হেলে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল থেকেই ভবনটির দিকে সন্দেহজনকভাবে ঝুঁকে পড়ার লক্ষণ দেখা যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ভবনের বাসিন্দারা।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ভবনটি খালি করে ফেলে।
ডেমরা থানা পুলিশ জানিয়েছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইতোমধ্যে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। ভবনটির গঠন কাঠামো ও ঝুঁকির মাত্রা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনগুলোও পরীক্ষা-নিরীক্ষা করা হবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

মতামত দিন