জাতীয়
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে অপহরণ-ধর্ষণের নাটক কলেজছাত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কেনার টাকা সংগ্রহ করতে নিজ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের নাটক সাজিয়েছেন মাহিয়া আক্তার নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, পরিকল্পনায় অংশ নিয়েছেন তার দুই সহপাঠীও।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মাহিয়া সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আটক করা হয়েছে সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকে।

পুলিশ জানায়, বুধবার মাহিয়ার ‘অপহরণ ও ধর্ষণের’ গুজব ছড়িয়ে পড়ে। তার পরিবার থানায় অপহরণের অভিযোগ করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তদন্তে উঠে আসে, মাহিয়া বেশ কিছুদিন ধরেই আইফোন কেনার চেষ্টা করছিলেন। এতে বাবা-মায়ের কাছ থেকে টাকা পেতে ব্যর্থ হয়ে তিনি অপহরণ নাটক সাজানোর সিদ্ধান্ত নেন। সহপাঠী সিফাত অপহরণকারী সেজে মাহিয়ার মাকে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে মেয়েকে ধর্ষণের  হুমকি দেন।

আসলে মাহিয়া ওই সময় বান্ধবী সিনথিয়ার বাসায় ছিলেন। টাকা না পেয়ে পরে সিফাতের সহযোগিতায় তুষকা সিরাপ খেয়ে অজ্ঞান হওয়ার ভান করে কলেজের পেছনে পড়ে থাকেন। পরে সিফাত মাহিয়ার পরিবারকে জানায়, টাকা না দেওয়ায় তাকে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওসি জানান, যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন