ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৮০ জন।
দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব ক্রমেই বাড়ছে। একদিনের ব্যবধানে প্রাণ গেল আরও একজনের।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে এই ২৮০ জন ভর্তি হন। এর মধ্যে ঢাকার বাইরে বরিশালে সর্বোচ্চ ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ৫৪ জন। এছাড়া চট্টগ্রামে ৪৫, ঢাকার অন্যান্য জেলায় ৪৪, রাজশাহীতে ৩৯, খুলনায় ২৫, রংপুরে ৪ ও ময়মনসিংহে তিনজন নতুন রোগী পাওয়া গেছে।
চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত ১৮ হাজার ৬২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। তাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ৩৩ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় পার হলেও এখনো কার্যকর মশা নিয়ন্ত্রণ না হওয়ায় পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। তারা দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মতামত দিন