যেসব দেশে বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন।
বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তার সূচকে তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে আগের বছর ছিল ৯৭তম।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, এখন বাংলাদেশি নাগরিকরা বিশ্বের ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। তবে এই সুবিধার মধ্যে কিছু দেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ ও কিছু ক্ষেত্রে ‘ই-ভিসা’ প্রক্রিয়াও অন্তর্ভুক্ত।
যেসব দেশে বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারেন:
বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন তার মধ্যে রয়েছে: বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনি-বিসাউ, হাইতি, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, জ্যামাইকা, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কার?
চলতি সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। এর পরেই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ)। তৃতীয় অবস্থানে রয়েছে আটটি ইউরোপীয় দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, স্পেন ও সুইডেন—যাদের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।
বাংলাদেশি পাসপোর্টের অবস্থান উন্নত হলেও এখনো তা বৈশ্বিক তালিকার নিচের দিকেই রয়েছে। তবে পর্যায়ক্রমিক এই উন্নতি ভবিষ্যতে আরও বেশি ভিসা-সুবিধার ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মতামত দিন