জাতীয়
ছবি: সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুলে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই থেকে।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত অংশে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে আগামী রোববার (২৭ জুলাই) থেকে। প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠদান শুরু করা হবে।

পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির শিক্ষাক্রম পুনরায় চালু করা হবে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিমান দুর্ঘটনার কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। শিক্ষার্থীদের  মানসিক চাপ কমাতে এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে ধাপে ধাপে ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার রাত সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, এখনও ১৬৫ জন আহত চিকিৎসাধীন রয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু হয়েছে  এবং ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিএমএইচ-এ ৯ জন মারা গেছেন এবং সেখানে ১৫ জন ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন ৯টি হাসপাতালে  মোট ৫৭ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ জন নিশ্চিত হয়েছে। পরিস্থিতি এখনও সংকটাপন্ন রয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন