মাইলস্টোন দুর্ঘটনায় প্রাণ হারানো দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাবে সরকার।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাবে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের শুরুতেই ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
বৈঠকে জানানো হয়, নিহত শিক্ষিকাদের মধ্যে মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে। কীভাবে এই সম্মাননা প্রদান করা হবে, তা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে।
এছাড়া, নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিষয়টি বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মতামত দিন