জাতীয়
ছবি: সংগৃহীত

স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৭ আগস্ট সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট বিকেলে অনুষ্ঠিত হবে।

এছাড়া কুমিল্লা বোর্ডে বন্যার কারণে স্থগিত হওয়া ১০ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১২ আগস্ট। গোপালগঞ্জে সহিংসতার কারণে ১৭ জুলাই যেসব পরীক্ষা স্থগিত ছিল, সেগুলো নেওয়া হবে ১৪ আগস্ট।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের কারণে ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। এখন এসব পরীক্ষা ২১ আগস্ট শুরু হয়ে চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে শিক্ষাবিষয়ক উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছিলেন, স্থগিত হওয়া পরীক্ষাগুলো একই তারিখে সকাল ও বিকেল দুই ভাগে নেওয়া হবে।

উল্লেখ্য, ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ঘটনায় ৩১ জন নিহত ও শতাধিক আহত হন বলে শেষ পাওয়া খবরে জানানো হয়।

বিমান দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে, মধ্যরাতে সিদ্ধান্ত পরিবর্তন করে পরদিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে স্থগিত করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব পরীক্ষা।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি শিক্ষার্থীদের পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন