জাতীয়
ছবি: সংগৃহীত

উত্তরায় শিক্ষার্থীদের অবরোধের মধ্যে আটকা উপদেষ্টারা, ৯ ঘণ্টা পর মুক্তি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধে প্রায় ৯ ঘণ্টা আটকে থাকার  পর বের হতে পেরেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে মেট্রোরেল ডিপোর পেছনের রাস্তা ব্যবহার করে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, উপদেষ্টারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবিদাওয়া শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা রাস্তা ছাড়তে না চাওয়ায় উপদেষ্টাদের দীর্ঘ সময় ক্যাম্পাসেই অবস্থান করতে হয়। পরে সন্ধ্যায় পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা দলটি মাইলস্টোন ক্যাম্পাস পরিদর্শনে গেলে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়েন। তারা ক্ষোভ প্রকাশ করেন, কেন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনার দিন দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর সেটি দুর্ঘটনায় পড়ে। আছড়ে পড়ার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে।

মতামত দিন