মাইলস্টোন ট্রাজেডির প্রতিবাদে কুমিল্লা বোর্ড ঘেরাও, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি শিক্ষার্থীদের।
মাইলস্টোন কলেজ ট্রাজেডির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লার শিক্ষাঙ্গন। মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সেখানে দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্লোগানে মুখর হয়ে ওঠে। ‘শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই’, ‘রাতের আঁধারে কেন নোটিশ?’, ‘আহতদের তালিকা দাও’— এমন নানা দাবিতে তারা ফটকে তালা লাগিয়ে বোর্ড কার্যক্রমে বিঘ্ন ঘটায়। এতে বোর্ডে সেবা নিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়।
শিক্ষার্থীরা ছয় দফা দাবি তোলে:
১. শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ
২. মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় প্রকাশ
৩. আহতদের পূর্ণ তালিকা প্রকাশ
৪. ক্ষতিপূরণ নির্ধারণ ও পরিশোধ
৫. বিমান বাহিনীর পুরোনো বিমান বাতিল
৬. এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সালেহ উদ্দিন বলেন, “ঘটনার পরও শিক্ষার্থীদের জানানো হয়নি। হঠাৎ গভীর রাতে মন্ত্রণালয়ের নোটিশ আসা গ্রহণযোগ্য নয়। এটা দায়িত্বজ্ঞানহীন।”
বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের গেট বন্ধ করে রাখে প্রায় দেড় ঘণ্টা। পরে দুপুর ১টার দিকে তারা নিজেরা তালা খুলে দেয়। শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, “আমরা তাদের দাবিগুলো শুনেছি। কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।”
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মতামত দিন