জাতীয়
ছবি: সংগৃহীত

বিধ্বস্ত যুদ্ধবিমানে মৃত্যুর মিছিলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দেশের সাম্প্রতিককালের সবচেয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় রূপ নিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতাল মিলিয়ে ১৬৫  জন আহত চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক।

কোথায় কতজন চিকিৎসাধীন:

  • বার্ন ইনস্টিটিউটে: ৪৬ জন

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ৩ জন

  • সিএমএইচ, ঢাকা: ২৮ জন

  • লুবনা জেনারেল হাসপাতাল (উত্তরা): ১৩ জন

  • উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন

  • ইউনাইটেড হাসপাতাল: ২ জন

  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ১ জন

  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ৩ জন

মৃত্যু কোথায় হয়েছে:

  • সিএমএইচে: ১৬ জন

  • বার্ন ইনস্টিটিউটে: ১০ জন

  • লুবনা জেনারেল হাসপাতালে: ২ জন

  • উত্তরা আধুনিক হাসপাতালে: ১ জন

  • ঢাকা মেডিকেলে: ১ জন

  • ইউনাইটেড হাসপাতালে: ১ জন

শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার চিকিৎসা উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, এ পর্যন্ত শনাক্ত নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। যাদের বেশিরভাগের বয়স ১২ বছরের নিচে। তাদের অনেকের শরীর পুড়ে গেছে ৬০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত।

তিনি বলেন, “আমরা প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে চাই, কিন্তু এমন ক্ষত নিয়ে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। পাঁচজন শিশু ভেন্টিলেশনে আছে, দুইজনের দেহের অবস্থা এতটাই জটিল যে এক মুহূর্তেও অবহেলা করা যাচ্ছে না।”

দুর্ঘটনা মাত্র ১২ মিনিটের ব্যবধানে

বিমান বাহিনীর তথ্যমতে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা ঘাঁটি থেকে এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি একক প্রশিক্ষণে উড্ডয়ন করে। চালক ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। মাত্র ১২ মিনিট পর, দুপুর ১টা ১৮ মিনিটে সেটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনের উপর ভেঙে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ক্লাসে থাকা  শিক্ষার্থীদের গায়ে।

জাতীয় শোক ও তদন্ত

সরকার এই দুর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে চলছে বিশেষ প্রার্থনা। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মতামত দিন