উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য উত্তরার ১২ নম্বরে কবরের জায়গা নির্ধারণ।
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি রাষ্ট্রীয় শোক জানিয়ে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে একটি নির্দিষ্ট অংশ দাফনের জন্য বরাদ্দ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “এই জায়গাটি শুধু দাফনের জন্য নয়, এটি হয়ে উঠবে নিহতদের চিরস্থায়ী স্মৃতির প্রতীক।
তিনি আরও জানান, মাইলস্টোন স্কুলের সন্নিকটে এই কবরস্থান নির্ধারণ করা হয়েছে যাতে স্বজনদের পক্ষে প্রিয়জনের কবর নিয়মিত দেখা সম্ভব হয়।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন এফ-৭ বিজিআই মডেলের বিমানটি ভবনের ছাদে আছড়ে পড়ে। ভয়াবহ আগুনে পুড়ে নিহত হন ৩১ জন। তাদের মধ্যে ২ জন শিক্ষক ও পাইলট ছাড়া সবাই ছাত্র।
রাতেই এক ভিডিওবার্তায় ইউনূস বলেন, “এটি এমন এক বিপর্যয়, যা কোনো দেশের জন্যই সহনীয় নয়। এই সন্তানদের কিছুক্ষণ আগেও আমরা ভবিষ্যতের স্বপ্ন হিসেবে দেখছিলাম, এখন তারা নেই—এটি মেনে নেওয়া কঠিন।”
সরকার মঙ্গলবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা, মসজিদ-মন্দির-গির্জায় হচ্ছে বিশেষ দোয়া ও প্রার্থনা।


মতামত দিন