রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকির ইসলামের মরদেহ, বিকেলে জানাজা ও দাফন।
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে অবতরণ করে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার, যাতে করে তার মরদেহ বহন করা হয়।
পরে মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহী শহরের উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। নিহতের মেজ চাচা মতিউর রহমান জানান, সকালেই ঢাকায় সাগরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
সাগরের দাফন হবে রাজশাহী সপুরা কবরস্থানে। কবরস্থানে দুপুর থেকেই চলছিল প্রস্তুতির কাজ। সপুরা গোরস্তানের মসজিদের পাশেই নির্ধারণ করা হয়েছে তার চিরনিদ্রার স্থান।
সামরিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। শহরের বাসিন্দারা এই বেদনাদায়ক ক্ষণটিতে শোক জানাতে ভিড় করেছেন উপশহরের বাসভবন ও জানাজার স্থানে।

মতামত দিন