জাতীয়
ছবি: সংগৃহীত

মাইলস্টোন ট্রাজেডি: নিহতদের পরিবারকে ৫ কোটি, আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারি।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রেক্ষিতে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে হাইকোর্ট মঙ্গলবার (২২ জুলাই) একাধিক নির্দেশনা ও রুল জারি করেছে।

দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ—বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুর—একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।

জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ বিষয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন। আবেদনে দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, জনবহুল এলাকায় যুদ্ধবিমান ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ ফ্লাইট নিষিদ্ধের আহ্বান জানানো হয়।

শুনানির সময় বিচারপতি ফাহমিদা কাদের বলেন, “এমন দুর্ঘটনা শুধু অনভিপ্রেত নয়, ভয়াবহ মানবিক বিপর্যয়।” তিনি বলেন, “যুদ্ধবিমানের এই দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কোনো বিকল্প নেই।”

এছাড়া দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বিবেচনার নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনে আরও দাবি করা হয়েছে—বিমানবাহিনীর কাছে বর্তমানে কতগুলো ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান আছে, সেগুলোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা কেমন, এবং প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনায় নিরাপত্তাবিধি কতটা মানা হয়, সে সম্পর্কেও সরকারের ব্যাখ্যা  দিতে হবে।

মতামত দিন