যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের মরদেহ রাজশাহী নেওয়া হচ্ছে।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।
মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টা ৫৫ মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাজশাহীতে পৌঁছাবে। এরপর মরদেহটি রাজশাহী ক্যান্টনমেন্ট হয়ে তাঁর নিজ বাড়িতে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে এফ-সেভেন বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়, যার শিকার হন স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মীরা।
এই ঘটনায় শোকস্তব্ধ দেশজুড়ে আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সরকার। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনেও অর্ধনমিত পতাকা উড়ছে।
সরকারের নির্দেশনায় আজ সকল ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
মতামত দিন