জাতীয়
ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনার জেরে ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "পরিস্থিতি বিবেচনায় আমরা আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করছি। নতুন তারিখ পরে জানানো হবে।"

এদিকে সকাল থেকেই কলেজ চত্বরে অবস্থান নিয়ে ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের দাবি—নিহতদের নাম প্রকাশ, আহতদের তালিকা, ক্ষতিপূরণ, প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার, ঝুঁকিপূর্ণ বিমান বাতিল এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা।

এই দাবিগুলোকে 'সম্পূর্ণ যৌক্তিক' বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, "শিক্ষার্থীদের আবেগ ও প্রত্যাশাকে আমরা শ্রদ্ধা করি। তাদের উত্থাপিত প্রতিটি দাবিই বিবেচনায় নেওয়া হবে।"

এর আগে সোমবার (২১ জুলাই) একটি প্রশিক্ষণ বিমান কলেজ চত্বরে বিধ্বস্ত হলে ২৫ শিক্ষার্থী, এক শিক্ষক ও পাইলটসহ ২৭ জন নিহত হন। ঘটনায় আহত হন আরও শতাধিক মানুষ।

সরকারি সূত্র জানায়, তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন